কালো গাউন ছাড়াই প্রাণবন্ত সুপ্রিমকোর্ট

কালো গাউন ছাড়াই প্রাণবন্ত সুপ্রিমকোর্ট

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:০০

করোনা পরিস্থিতির জন্য সুপ্রিমকোর্টের নির্দেশনায় চিরাচরিত কালো কোট-গাউন ছাড়াই সাদা পোশাকে সুপ্রিমকোর্টে হাজির হন আইনজীবী ও বিচারপতিরা। বুধবার (১২ আগস্ট) সুপ্রিমকোর্টে এমন প্রাণবন্ত নতুন চিত্র দেখা গেছে। এই গরমে কালো গাউন ও কোট ছাড়াই আদালতের কার্যক্রমে অংশ নিতে পেরে খুশি আইনজীবীরাও। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এর প্রতিক্রিয়ায় বলেছেন, শীতের দেশ ব্রিটেনের কালো কোট আর গাউন বাদ দিয়েই গরমের দেশ হিসেবে বাংলাদেশের আদালতে নতুন ড্রেস কোড চালু করা উচিত।

গত ১১ আগস্ট করোনা পরিস্থিতির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কিংবা শারীরিক উপস্থিতিতে মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট ও গাউন ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা জারি করেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

কোর্ট প্রশাসনের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্তের আলোকে কোভিড-১৯ সংক্রমণজনিত বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন। সুপ্রিমকোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালে ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন।

সবখানেই সাদা পোশাক ওই নির্দেশনার ধারাবাহিকতায় বুধবার (১২ আগস্ট) সুপ্রিমকোর্টে আইনজীবী ও বিচারপতিরা কালো কোট-গাউন ছাড়াই আদালতে মামলা পরিচালনায় অংশ নেন।

মামলা পরিচালনা করতে আসা সুপ্রিমকোর্টের আইনজীবী আরিফুল ইসলাম বলেন, ‘গরম ও করোনা পরিস্থিতির মধ্যে ড্রেস কোড পরিবর্তন করায় অনেকটা স্বস্তি বোধ করছি। আইনজীবীরা দীর্ঘদিন ধরে গরমকালে এ ধরনের পোশাক ব্যবহারের দাবি জানিয়ে আসছিলেন।’

এদিন, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ ও আদালত ঘুরে দেখা যায়, কোর্টের ভবনগুলোতে প্রবেশে সবার শরীরের তাপমাত্রা থার্মাল স্ক্যানার দিয়ে পরিমাপ এবং মাস্ক ব্যবহারে কড়াকড়ি চলছে। পাশাপাশি কোর্টে আগত বিচারপ্রার্থীরা কোর্টরুমের বাইরে বেঞ্চে বসে কিংবা দাঁড়িয়ে থেকে মামলার শুনানি-আদেশের অপেক্ষায় রয়েছেন। আইনজীবীরা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে কোর্টের ভেতরে মামলার বিষয়ে শুনানি করছেন। বিচারার্থে আগত বিচারপতিরাও কালো কোট-গাউন ছেড়ে সাদা পোশাকে মামলা পরিচালনা করছেন।

শারীরিক উপস্থিতিতে কোর্ট শুরুর বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আজ থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা কোর্ট রুমসহ আদালত অঙ্গন পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি মেনে আদালত পরিচালিত হচ্ছে। আইনজীবীসহ সবাইকে আগামী দিনগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading