বিটিআরসির দুই কর্মকর্তার শাস্তিমূলক বদলির আদেশ হাইকোর্টে স্থগিত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:৪৫
বিটিআরসিতে অবৈধ নিয়োগ ও পদোন্নতির বিষয়ে রিটকারী কর্মকর্তা সঞ্জীব কুমার সিংহ ও এস এম আফজাল রেজার বদলির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
তিনি বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ২৯ জন জুনিয়র পরামর্শককে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দুর্নীতি এবং ওই কর্মকর্তাদের তাড়াহুড়ো করে পদোন্নতি প্রদানের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়। ওই রিটের বাদী বিটিআরসির ছয়জন ডেপুটি ডিরেক্টরের (উপপরিচালক) মধ্যে দুজন, সঞ্জীব কুমার সিংহ ও এস এম আফজাল রেজাকে অন্যায় ও বিধিবহির্ভূতভাবে ঢাকার বাইরে বদলি করা হয়েছিল। হাইকোর্ট সেই বদলির আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন।
উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পরপরই দুই উপ-পরিচালককে ঢাকার বাইরে বদলি করার ঘটনায় বিটিআরসিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন পত্রিকায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই দুজনকে বদলি করা হয়েছে মর্মে খবর প্রকাশিত হয়।
এই অবস্থায় ভুক্তভোগী দুজন হাইকোর্টে উক্ত বদলির আদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন।
ইউডি/কেএস

