দেশে চীনা ভ্যাকসিনের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:২৬
বাংলাদেশে করোনাভাইরাসের চীনা ভ্যাকসিনের মানব পরীক্ষা করতে দেয়ার বিষয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (১২ আগস্ট) অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক আরও জানান, যুক্তরাষ্ট্রের মর্ডানাসহ অন্য ভ্যাকসিন উদ্ভাবক কোম্পানিগুলো তাদের ভ্যাকসিন সরবরাহ করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে।
তিনি বলেন, ‘এসব ভ্যাকসিনের জন্য যে দেশ আগে থেকে অ্যাডভান্স করে রাখছে, তাদের আগে ভ্যাকসিন সরবরাহ করবে কোম্পানিগুলো। আমরাও এসব কোম্পানির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। কোম্পানিগুলোর সাথে চুক্তি করা কিংবা অ্যাডভান্স দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
‘আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং ঠিক করা হয়েছে,’ যোগ করেন মন্ত্রী।
তিনি জানান, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে চীনকে বাংলাদেশে তাদের ভ্যাকসিন পরীক্ষা করতে দেয়া হবে কি না।
মন্ত্রী বলেন, ‘মিটিং এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হলে চীন বাংলাদেশে কত মানুষের ওপর পরীক্ষা করবে, এ ক্ষেত্রে চীন আমাদের কত টাকা দেবে, পরীক্ষা হলে চীন কী শর্তে ভ্যাকসিন দেবে- সেসব নিয়ে সিদ্ধান্তের পর চীনকে পরীক্ষা করতে দেয়া হবে।’ সূত্র – ইউএনবি।

