করোনার বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় রাজধানীবাসী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩০
করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও বিধিনিষেধ উপেক্ষা করে নগরবাসীরা ঘুরে বেড়াচ্ছেন।
দেশে করোনায় প্রায় ২ লাখ ৭০ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের বেশি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে ঢাকার অনেক বাসিন্দাকে বাসা থেকে বের হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের ফুটপাথে বাতাস খেতে দেখা গেছে। তবে বিপুল সংখ্যক লোককে ঝুঁকি ও স্বাস্থ্য নির্দেশিকা উপেক্ষা করে বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে হাঁটতে দেখা গেছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। ভাইরাসের বিস্তার রোধে সরকার মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়ার মতো কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছিল।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭ জনে।
এছাড়া, নতুন করে ২ হাজার ৬১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। -ইউএনবি।

