বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৪০

‌’১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করে বাহবা নেওয়ার চেষ্টাই বড় অপরাধ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এমন একটি মিথ্যা বানোয়াট জন্মদিনের জন্য বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’ শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: ষড়যন্ত্র দেশে বিদেশে’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কাগজে দেখলাম বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টে কোনও উদযাপন করা হবে না। বাহ, বেশ সুন্দর কথা। বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্ম তারিখটা হলো কবে থেকে? ১৯৯৫ সালে হঠাৎ বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন? উনি এর আগে অবশ্য আরও তিন-চার বার জন্মগ্রহণ করেছে। উনি এবার জন্মদিন পালন করবেন না, এটা বলে যে বাহবা নেওয়ার চেষ্টা করছে- এটাই বড় অপরাধ।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেদিন উনি হঠাৎ জন্মগ্রহণ করে ঘোষণা দিলেন, সেটা হত্যাকারীদের সমর্থন করা হলো। এটি হত্যাকাণ্ডকে উপহাস করার শামিল। তাই আমি বিএনপিকে অনুরোধ জানাবো, আপনারা সহসাই ঘোষণা দেন, বেগম খালেদা জিয়া হঠাৎ করে ১৫ আগস্ট জন্মগ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন সেটি এক মিথ্যা বানোয়াট ছিল। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী। তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর পত্রিকায় বড় বড় হেডিং দিয়ে যারা নিবন্ধ লিখেছে, তারাও প্রকারান্তে হত্যাকাণ্ডকে সমর্থন করেছে। অনেকে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। সমস্ত বিষয়গুলোকে আমি মনে করি একটা কমিশন গঠন করে তুলে আনা প্রয়োজন।’

সেমিনারে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading