রামমন্দিরের ভিত্তিস্থাপন: মোদীর মঞ্চে থাকা পণ্ডিত করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:১০
ইন্ডিয়ার অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পূজার মঞ্চে থাকা এক পণ্ডিতের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভি’ এসেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ খবর দেয়। ৮২ বছরের ওই পণ্ডিত নৃত্য গোপাল দাসকে দিল্লির কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পণ্ডিত করোনায় আক্রান্ত হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাস্থ্য ঝুকি তৈরি হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
রয়টার্সের খবরে বলা হয়, গত ৫ অগাস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের স্থানে বিতর্কিত ভূমিতে রামমন্দির নির্মাণের কাজ উদ্বোধন করেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিপূজার মাধ্যমে ৪০ কেজি ওজনের একটি রুপার ইট স্থাপন করেন তিনি। ভূমিপূজার সময় মঞ্চে যে পাঁচজন উপস্থিত ছিলেন তাদের একজন নৃত্য গোপাল দাস বলে জানায় এনডিটিভি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোট ১৭০ জন আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে যাওয়ার আগে অতিথিদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। ওই পরীক্ষায় নৃত্য গোপাল দাসের ফলাফল ‘নেগেটিভ’ এসেছিল বলে জানান অযোধ্যার তথ্য অধিদপ্তরের পরিচালক ডা. মুরালি সিং। তিনি বলেন, ‘তাই পণ্ডিত নৃত্য গোপাল দাসের কাছ থেকে প্রধানমন্ত্রীর সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।’
অবশ্য এর এক সপ্তাহের মধ্যেই নৃত্য গোপাল করোনায় আক্রান্ত হয়েছেন। টেলিভিশনের ফুটেজে ৫ অগাস্ট অনুষ্ঠানের সময় মোদীকে নৃত্য গোপালের হাত ধরতে এবং নমস্কার করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে বৃহস্পতিবার মোদীর কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ইন্ডিয়ায় শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৬৪ হাজার ৩১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজারের বেশি আর সুস্থ হয়েছেন সাড়ে ১৭ লাখ। আক্রান্তদের মধ্যে দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখর্জীও আছেন। বর্তমানে তিনি আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে ভেন্টিলেটরে ‘গভীর কোমায়’ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

