জাতির পিতার জন্য জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম ও দোয়া
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৩০
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বায়তুল মুকাররমে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার পবিত্র কোরআন খতম করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক সচিব মো. নূরুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও এবিএম আমিন উল্লাহ নূরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।
ধর্মসচিব মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন। মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে শনিবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে এর আগে সকালে জাতীয় মসজিদ প্রাঙ্গণে ধর্মসচিব মো. নূরুল ইসলাম বৃক্ষরোপন কর্মসূচি এবং ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ প্রধান কার্যালয় মহাপরিচালক আনিস মাহমুদ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন। সূত্র: বাসস।

