দেশে করোনায় আক্রান্ত পৌনে ৩ লাখেরও বেশি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৪০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৪ জন। রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ২৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৬৫৭ জনে দাঁড়াল।
রবিবার (১৬ আগস্ট) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

