ঢাবির ছাত্রী ধর্ষণ: মজনুর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ অগাস্ট
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৫০
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছে আদালত। রবিবার (১৬ আগস্ট) ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপেক্ষের বিশেষ কৌঁসুলি প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) জানান, অভিযোগ গঠনের দিন আসামিকে আদালতে আসতে হবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগার থেকেই তাকে হাজির দেখিয়ে শুনানি করা হবে।
চলতি বছরের ৫ জানুয়ারি সন্ধ্যায় শ্যাওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে একাধিকবার ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মধ্যে ৮ জানুয়ারি মজনুকে গ্রেপ্তার করে র্যাব। পরে ওই ছাত্রীও ছবি দেখে তাকে শনাক্ত করেন। ডিএনএ পরীক্ষাতেও ধর্ষণে মাদকাসক্ত মজনুর সম্পৃক্তার প্রমাণ মেলে বলে পরে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
ক্যান্টনমেন্ট থানায় ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলাটি তদন্ত করে গত ১৬ মার্চ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর সিদ্দিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই দিনই ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি বিচারের জন্য মামলাটি সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। তথ্য সহায়তা বিডিনিউজ।

