করোনায় এক দিনে রাজশাহী মেডিকেলের দুই চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১০:০০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৬ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা হলেন – ডা. আফতাব উদ্দিন (৬৮) ও ডা. আবদুর রহমান (৬৫)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, ডা. আফতাব উদ্দিন ও ডা. আবদুর রহমান রামেক হাসপাতালে চাকরি করেছেন। দুজনেই অবসর নিয়েছিলেন। ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হয়েছিলেন। ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়। আর ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। তিনি রামেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। আর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুপুর দেড়টায় মারা যান আফতাব উদ্দিন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘তাদের দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েকদিনের মধ্যে মৃত্যু হলে তাকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়। কারণ করোনার কারণেই তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মৃত্যুর জন্য সেটিই বড় কারণ। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. আবদুর রহমানের স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।’
‘মারা যাওয়া দুই চিকিৎসকের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে’ বলেও জানান, ডা. সাইফুল ফেরদৌস।

