ইন্ডিয়ার পার্লামেন্ট ভবনে আগুন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৪০
ইন্ডিয়ার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দিল্লি ফায়ার সার্ভিস সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি দেশটির গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ।
আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ‘শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে’ বলে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

