৬৪ জেলার নতুন শ্রেণিবিন্যাস
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০০
নতুন নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় দেশের অনেক জেলার ক্যাটাগরি পরিবর্তন ঘটেছে। এ কারণে সরকার পুনরায় দেশের ৬৪ জেলার শ্রেণিবিন্যাস করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ হালনাগাদ করা ৬৪ জেলার শ্রেণিবিন্যাস করে সম্প্রতি পরিপত্র জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের সূত্রে জানা গেছে, ৮ বা এর বেশি উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘বি’ এবং পাঁচটির কম উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘সি’ শ্রেণির জেলার মর্যাদা দেওয়া হয়েছে। অবস্থানগত কারণে বেশি গুরুত্বপূর্ণ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গুরুত্ব বিবেচনায় ‘বিশেষ ক্যাটাগরি’তে ছয়টি জেলা রয়েছে। এগুলো হচ্ছে- ময়মনসিংহ, খুলনা, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও রাজশাহী। অপরদিকে ‘এ’ শ্রেণিতে ২৬টি, ‘বি’ শ্রেণিতে ২৭টি এবং ‘সি’ শ্রেণিতে ৫টি জেলা রয়েছে।
ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলায় ৫টি করে উপজেলা থাকলেও এই দুই জেলাকে বিশেষ ক্যাটাগরিতে রাখা হয়েছে গুরুত্ব বিবেচনায়। এর মধ্যে ঢাকা বিভাগে ‘এ’ শ্রেণির ৩টি, ‘বি’ শ্রেণির ৭টি ও ‘সি’ শ্রেণির ১টি জেলা রয়েছে। চট্টগ্রাম বিভাগে ৭টি ‘এ’ শ্রেণি, ৩টি ‘বি’ শ্রেণির জেলা রয়েছে।
রাজশাহী বিভাগে ৪টি ‘এ’ শ্রেণি ও ৩টি ‘বি’ শ্রেণির জেলা রয়েছে। রংপুর বিভাগে ‘এ’ শ্রেণির জেলা ৩টি। ‘বি’ শ্রেণির জেলা রয়েছে ৫টি। খুলনা বিভাগে ‘এ’ শ্রেণির জেলা রয়েছে ২টি, ‘বি’ শ্রেণির জেলা রয়েছে ৪টি জেলা এবং ‘সি শ্রেণিতে রয়েছে ৩টি জেলা।
বরিশাল বিভাগে ‘এ’ শ্রেণির জেলা ২টি, ‘বি’ শ্রেণির জেলা ৩টি এবং ‘সি’ শ্রেণির জেলা ১টি। ময়মনসিংহ বিভাগে ‘এ’ শ্রেণির জেলা ১টি, ‘বি’ শ্রেণির জেলা ২টি। সিলেট বিভাগের চারটি জেলায়ই ‘এ’ শ্রেণির।
ঢাকা বিভাগের ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে- কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণির জেলা, এবং ‘সি’ শ্রেণিতে রয়েছে মাদারীপুর জেলা।
চট্টগ্রামের কুমিল্লা, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার ‘এ’ শ্রেণির এবং বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর ‘বি’শ্রেণির জেলা। রাজশাহী বিভাগের রাজশাহী বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত জেলা। এছাড়া বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণি, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট হচ্ছে ‘বি’ শ্রেণির জেলা।
রংপুর বিভাগের ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে- দিনাজপুর, কুড়িগ্রাম ও রংপুর। ‘বি’ শ্রেণিতে রয়েছে- গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। খুলনা বিভাগে ‘এ’ বিভাগে ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে- বাগেরহাট ও যশোর। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ও চুয়াডাঙ্গা জেলা। এই বিভাগে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছে মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।
বরিশাল বিভাগের ‘এ’ শ্রেণির জেলা হচ্ছে- বরিশাল ও পটুয়াখালী। এই বিভাগের ভোলা, পিরোজপুর ও বরগুনা ‘বি’ ক্যাটাগরি এবং ঝালকাঠি ‘সি’ ক্যাটাগরির জেলা। সিলেট বিভাগের অধীন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলাই ‘এ’ শ্রেণির জেলা।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার অধীন ১৩টি উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এ বিভাগের নেত্রকোনা ‘এ’ শ্রেণি ও বি শ্রেণির জেলা হচ্ছে জামালপুর ও শেরপুর জেলা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, শ্রেণি অনুযায়ী সরকার জেলার সরকারি দফতরগুলোতে জনবল নিয়োগ, উন্নয়ন পরিকল্পনা ও ত্রাণ বরাদ্দও করে। নতুন কিছু উপজেলা সৃষ্টি হওয়ায় অনেক জেলারই শ্রেণি পরিবর্তন হওয়ায় সেগুলোকে একত্রিত করে নতুন শ্রেণিবিন্যাস করা হয়েছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

