শ্রিংলার ঢাকা সফর ‘খুবই খুশির খবর’: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪৬
ইন্ডিয়ার পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার ‘আকস্মিকভাবে’ ঢাকা সফরকে ‘খুবই খুশির’ খবর হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘খুবই খুশির খবর যে, ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তার সাথে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে।’
তিনি আরও বলেন, ‘ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। সে ভ্যাকসিন আমরা কীভাবে পাবো সে বিষেয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ হবে।’
বুধবার (১৯ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি উন্মোচনের পর এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে মোমেন বলেন, ‘ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। তাদের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে।’
‘আমরা দুই দেশ মিলে অনেক প্রোগ্রাম এক সাথে করি। আমরা দুদেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাই। সমস্যা আসলে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে,’ যোগ করেন তিনি।
এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অনুষ্ঠান বাংলাদেশ ও ভারত এক সাথে উদযাপন করবে। সূত্র – ইউএনবি।

