ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ আর নেই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:০৫
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১.১৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, দৌহিত্র-দৌহিত্রী এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। তার কনিষ্ঠ কন্যা অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।
ড. নাজনীন আহমেদ বলেন, ‘শুক্রবার সকালে ঢাকায় বাবার প্রথম জানাজা হয়েছে। জুমআর নামাজের পরে নরসিংদীতে আমার দাদা বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়েছে।’

নাজিরউদ্দিন আহমেদ ১৯৩৬ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে শিক্ষা প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি খুলনা আযম খান কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, করটিয়া সা’দত কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ১৯৯২ সালে অবসরে যান। তিনি নরসিংদীর হাজী সলিমুদ্দিন কলেজেরও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

