বিশ্ব করোনামুক্ত হতে ২ বছরও লাগবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩৫
বিশ্ব থেকে করোনা মহামারী বিতাড়িত হতে ২ বছরও লাগবে না। দুই বছরের মধ্যে করোনা মহামারী থেকে মুক্তি মিলবে বলে আশা প্রকাশ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস।
তিনি বলেন, শতাব্দীতে একবার এমন স্বাস্থ্য সংকট আসে, তবে উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে এবারের মহামারী থেকে দ্রুত মুক্তি মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডব্লিউএইচও’র প্রধান কার্যালয়ে শুক্রবার অনলাইন সংবাদ সম্মেলনে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তেদ্রোস বলেন, বিশ্বায়নের ফলে যেমন দ্রুত করোনা ছড়িয়েছে কিন্তু সবাই একসঙ্গে চেষ্টা করলে দুই বছরের মধ্যে একে সামলে ফেলা সম্ভব। ১৯১৮ সালে ফ্লু যেটা সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল সেটা অনেক দিন চলেছিল। কিন্তু এখন আগের চেয়ে উন্নত স্বাস্থ্যব্যবস্থা থাকায় আশাবাদী হু-প্রধান।
হু-এর এমার্জেন্সিস প্রধান মাইকেল রায়ান বলেন, ১৯১৮ সালের মহামারীতে তিনটি ঢেউ এসেছিল এবং দ্বিতীয় দফায় যখন ১৯১৮ সালের শীতে এটি মাথা চাড়া দিয়ে ওঠে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল। কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রে সেরকম প্যাটার্ন দেখা যাচ্ছে না বলে জানান।
তিনি বলেন যে করোনাভাইরাস ঢেউয়ে আসবে এমন ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। তিনি বলেন যে অনেক মহামারী ভাইরাস শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মরশুমে আসে। কিন্তু করোনার গতিপথ এখনও সেই দিকে নয় বলেই তিনি জানান।

