করোনায় আরো ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৬৫
উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,২৬৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৩,৯০৭ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি। আর মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৫২ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ১০ জন। দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৯ ভাগ পুরুষ।

