‘আশুরায় বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না’
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:২৪
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের রবিবার (২৩ আগস্ট) নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব মেনে ইনডোরে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে।
ডিএমপি সদরদপ্তরে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন তিনি।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাতি হযরত ইমাম হুসেনের (রহঃ) শাহাদত বাষির্কী স্মরণে হিজরি মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালিত হয়। এবার ৩০ আগস্ট পবিত্র আশুরা উদযাপিত হতে যাচ্ছে।
আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, করোনাভাইরাসের বিস্তার রুখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অনুষ্ঠানস্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইমামবাড়াগুলোতে সবাইকে একসাথে না ঢুকিয়ে খণ্ড খণ্ড দলে বিভক্ত করে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। -ইউএনবি

