সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৭ আসামির ফের রিমান্ডে
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩০
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালসহ ৭ পুলিশের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তার আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।
সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার র্যাব-১৫ এর এএসপি খায়রুল ইসলাম এসব আসামির ৭ দিন করে ফের রিমান্ড আবেদন করেছিলেন। ৪দিন করে রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন- ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সিনহা হত্যা মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাবাদ করা দরকার। তাই রিমান্ড শেষে সোমবার আদালতে তোলা প্রধান তিন আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল এবং ইতোমধ্যে রিমান্ড সম্পন্ন হওয়া চার পুলিশ সদস্যের আরও সাত দিন করে রিমান্ড আবেদন করি। আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বরখাস্ত হওয়া এই ৩ পুলিশ সদস্যকে সপ্তাহব্যাপী রিমান্ডে এনে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। আবার কিছু কিছু বিষয় নিয়ে তাদের রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনের ৩ সদস্যকেও মুখোমুখি করা হয়েছে। ঘটনাস্থলে নিয়ে গিয়েও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়েছেন র্যাব কর্মকর্তারা।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।

