জাপা সকল নির্বাচনে অংশ নেবে: জিএম কাদের
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:২০
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। তিনি সোমবার (২৪ আগস্ট) দুপুরে মুুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়- জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, আসন্ন সব উপ-নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যেই প্রার্থীতা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জাপা চেয়ারম্যান আরও বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ পালন উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি নি:সন্দেহে অতুলনীয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষ রোপরের বিকল্প নেই।
এ সময় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল এমপি, নাজমা আক্তার এমপি, পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, তালুকদার নুরুল ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

