হিলি বন্দরে কাঁচা মরিচের দাম লাগামহীন

হিলি বন্দরে কাঁচা মরিচের দাম লাগামহীন

মোসলেম উদ্দিন । উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:০৯

চারদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রকার ভেদে ১২০ টাকার মরিচ মঙ্গলবার (২৫ আগস্ট) ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদার তুলোনায় আমদানি কম হওয়ায় বেড়েছে কাঁচা মরিচের দাম, এমনটিই বলছে মরিচ ব্যবসায়ীরা। আবার টানা বৃষ্টির কারণে দেশে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দাম বেড়েছে কাঁচা মরিচের।

মঙ্গলবার হিলি বন্দর বাজার ঘুরে দেখা গেছে, তিন থেকে চার দিন আগে কাঁচা মরিচের পাইকারী বাজার ছিলো ১০০ টাকা। তা খুচরা বাজারে বিক্রি ছিলো ১২০ টাকা কেজি দরে। বর্তমান তা বৃদ্ধি পেয়ে ১৪০ টাকা পাইকারী এবং খুচরা বাজারে ব্যবসায়ীরা বিক্রি করছে ১৬০ টাকা কেজি দরে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, লাগামহীন ঘোড়ার মতো বেড়েই চলছে কাঁচা মরিচের দাম। চার দিন আগে ১০০ টাকা দরে পাইকারী কিনে ১২০ টাকা দরে বিক্রি করেছি। আজ ১৪০ টাকা পাইকারী কিনে ১৬০ টাকা দরে বিক্রি করছি। দাম বাড়ায় ক্রেতাদের সাথে তর্কবিতর্ক হচ্ছে।

কথা হয় লুৎফর রহমান নামের একজন মরিচ ক্রেতার সাথে। তিনি বলেন, “দিন দিন কাঁচামরিচের দাম বেড়েই চলছে। বর্তমান প্রতিটি সব্জির দাম অনেক বেশি। তারপর আবার প্রতিদিন মরিচের দাম বাড়ছে। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে চলবো।”

হিলি বন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী গ্যামা শেখ বলেন, “কয়েকদিন ধরে আমদানি কম হওয়ায় মরিচের দামটা বৃদ্ধি পেয়েছে। এদিকে দেশে ক’দিনের টানা বর্ষার কারণে ক্ষেতে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। তাই দেশি মরিচ কমে গেছে “

তিনি আরও বলেন, “তবে আজ ভারত থেকে কাঁচামরিচের আমদানি বেশি হতে পারে এবং আমদানি বাড়লে মরিচের দামও অনেকটাই কমে যাবে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading