সিআর দত্তের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২৯
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন (সিআর) দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিআর দত্ত, বীর উত্তমের মৃত্যুতে তারা পৃথকভাবে এই শোক জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মুক্তিযুদ্ধে সিআর দত্তের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘জাতি তাকে চিরকাল স্মরণ রাখবে।’
প্রবীণ এই মুক্তিযোদ্ধা ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মঙ্গলবার (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রপ্রধান প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একইভাবে তিনিও প্রয়াত সিআর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

