রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের ‘সামর্থ্য নেই’: ফখরুল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১০
রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারার জন্য সরকারের পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও দুর্বলতাই দায়ী। এই রোহিঙ্গা সমস্যার বিষয়ে মিয়ানমারের সঙ্গে যুক্ত আছে এবং মিয়ানমারকে সমর্থন দিচ্ছে চীন ও ভারত। এই দুটি দেশের সঙ্গে কোনও রকমের রফা করার সামর্থ্য এই সরকারের নেই।’
মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে মুক্তিযোদ্ধাদের কোনও সম্মান নেই। দুর্ভাগ্যজনকভাবে আজকে মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন চলছেই। এখানে যারা উপস্থিত আছেন সবাই খ্যাতনামা মুক্তিযোদ্ধা। রণাঙ্গনে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তাদেরও কারাগারে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। শুধু একটি কারণে, কারণ তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘অবদানকে খাটো করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে ১৫ আগস্টের ঘটনার সঙ্গে তাকে জড়ানোর একটি প্রচারণা-প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে’ বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র এবং তা প্রমাণিত হয়েছে। এ ঘটনার বিচার হয়েছে এবং আসামিদের ফাঁসি কার্যকর হয়েছে। সেখানে আবার নতুন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

