‘ফুটপাত থেকে রাজপথে’ নামতে চান রিজভী!
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫৮
দলের নেতা-কর্মীদের মুক্তি না দিলে করোনাভাইরাস মহামারীকালেও সরকারের বিরুদ্ধে ‘রাজপথে নামার’ হুমকি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তি দাবিতে বুধবার (২৬ আগস্ট) ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে এই হুমকি দেন তিনি।
রিজভী বলেন, ‘গতকালও ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদকে কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা করোনা ও বন্যায় ত্রাণ নিয়ে যাচ্ছে, এটাই তাদের অপরাধ।’ তিনি আরও বলেন, ‘ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয়, আর ফুটপাত নয়, এবার রাজপথের সমস্ত কনক্রিট উড়িয়ে আমরা রাস্তায় ব্যারিকেড তৈরি করব।’
রিজভীর মন্তব্য, ‘ফরিদপুরের ছাত্রলীগের নেতা ২ হাজার কোটি টাকা পাচারের সাথে জড়িত, এটা তো ঢাকতে হবে। ফরিদপুরের দুই আওয়ামী লীগ নেতা ওই শহরে মার্সিটিজ গাড়ি চালায়, এই গুলোকে তো ঢাকতে হবে। জিকেজির সাবরিনার ঘটনাকে ঢাকতে হবে, রিজেন্ট হাসপাতালের সাহেদকে তো ঢাকতে হবে, ক্যাসিনোর সম্রাটকে তো ঢাকতে হবে। তাই ছাত্রদলের রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।’
১৫ অগাস্ট ও ২১ অগাস্টের ঘটনাবলী নিয়ে ক্ষমতাসীনরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যাচার’ করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের আহবায়ক আবদুস সাত্তার পাটোয়ারী সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিণের তাইজুল ইসলাম, কারাবন্দি নেতা ইসহাক সরকারের ভাই ইয়াকুব সরকার প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইসহাক সরকারকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩২৬টি মামলা রয়েছে।

