চট্টগ্রাম বন্দরে মজুদ বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্য সরিয়ে নেয়ার সুপারিশ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৩৫
চট্টগ্রাম বন্দরে মজুদ বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্য অতিদ্রুত সরিয়ে নেয়ার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ ভবনে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে চট্টগ্রাম বন্দরে মজুদকৃত বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তমন্ত্রণালয় কমিটি করে এ বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) আরও আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যেসব প্রকল্প গ্রহণ করা জরুরি সেসব প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনাক্রমে দ্রুত বাস্তবায়নের জন্য কমিটির বৈঠকে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, ‘মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাস্তবায়িত হলে জাতি অনেক উপকৃত হবে এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে প্রকল্পগুলো দ্রুত সমাপ্ত করার জন্য কমিটি সুপারিশ করে। ইউএনবি।

