‘নামধারী’ সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ এমপির!
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৫৫
রাজশাহীর মোহনপুরে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা, মাদক সেবন ও চাঁদাবাজি যারা করছে তাদের বেঁধে পেটানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। এ নিয়ে তার দেড় মিনিটের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য দেওয়া ভিডিওতে সংসদ সদস্যকে বলতে শোনা গেছে, ‘গুটি কয়েক সাংবাদিক এসে কার্ড ধরিয়ে বলেন, আমরা অমুক পত্রিকা, অমুক অনলাইনের পদধারী সাংবাদিক। এদের কোনও হেড অফিস নাই।…আমি তথ্য মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করেছিলাম সারাদেশে কয়টা অনলাইনের অনুমতি দিয়েছেন। ওখানে বলেছে ৫০টাও নয়। আমি বলেছি, আমার মোহনপুরে যে দেখি ৬০টা আছে? তাহলে সারা বাংলাদেশে যা আছে মোহনপুরে তারচেয়ে বেশি?’
এরপর উপস্থিত জনতার উদ্দেশে এমপি বলেন, ‘আপনারা (সাংবাদিক) কার্ড ঝুলাবেন, মাদকের ব্যবসা করবেন, নিরাপদে মাদক সেবন করবেন…আগে তাদের বাইন্ধেন কিন্তু। আসলে তাদের বান্ধবেন। কত বড় সাংবাদিক আমি দেখতে চাই।’ তিনি আরও বলেন, ‘আপনি মানুষকে ভয় দেখাবেন। এই কথা আমি লিখে দেবো, পেপারে দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো.. তথ্য সন্ত্রাস আইন করা হয়েছে বাংলাদেশে। তথ্য সন্ত্রাস আইন কঠিন আইন। তার চেয়ে বড় আইন আছে দেশের জনগণের হাতে।
এমপি আয়েন উদ্দিনের ভাষ্য, ‘..এ সকল চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী নামধারী সাংবাদিকদের ধরে বেঁধে পেটাবেন। মাইরের ওপর কোনও আইন নাই। কতটা সাংবাদিক আমি দেখতে চাই?’
তার এমন বক্তব্যের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ায়- সমালোচনার ঝড় বয়ে যচ্ছে। একজন আইন প্রণেতা (এমপি) কাউকে ধরে বেঁধে পিটুনি দেয়ার নির্দেশ দিতে পারেন কিনা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্ন তুলেছেন।

