বঙ্গবন্ধু বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন: তোফায়েল
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু সবসময় বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন। আজকে বাংলাদেশ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু এর ভিত্তি স্থাপন করেছিলেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর যে দরদ ছিল তা চিন্তা করা যায় না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ‘বঙ্গবন্ধুর দর্শন ও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি’ শীর্ষক এ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। সভায় বিশেষ অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘এই পৃথিবীতে অনেক নেতা আসবে, অনেক নেতা এসেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো মানবদরদী মহান নেতা আসবেন না।’ তিনি বলেন, সমুদ্রের গভীরতা মাপা যাবে, আপনারা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপতে পারবেন, কিন্তু বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালবাসার গভীরতা আপনার মাপতে পারবেন না। বঙ্গবন্ধু সবসময় বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার বাংলার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সফলা, শস্য-শ্যামল বাংলায় রূপান্তরিত করব।
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৈশোর-তরুণ বয়স থেকে বাংলার কৃষকের দৈন্যদশা স্বচক্ষে দেখেছেন, যা বঙ্গবন্ধুর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাই আমরা দেখি বঙ্গবন্ধুর সারা রাজনৈতিক জীবনজুড়ে কৃষক ও কৃষির উন্নয়ন ও কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছে। বাংলার দু:খী মানুষ-কৃষক শ্রমিকের জন্য বঙ্গবন্ধুর ভালবাসা ছিল অকৃত্রিম।
ভার্চুয়াল সভায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান সভাপতিত্ব করেন। এতে আলোচক হিসাবে অংশগ্রহণ করেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, সাবেক সচিব মো: আনোয়ারুল ইসলাম সিকদার প্রমুখ। সূত্র: বাসস।

