পাবনা-৪ আসনে আ.লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০০
পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে মোঃ নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভায় তাকে মনোণয়ন দেয়া হয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়, সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২ এপিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় এই সংসদীয় আসনটি শূন্য হয়।
পাবনা-চারসহ শূন্য হওয়া ৫টি সংসদীয় আসনে গত ১৮ থেকে ২৩ আগস্ট দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। আজকের বৈঠকে এ পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করার কথা ছিল। দলীয় সূত্র জানায়, সব আসন নিয়ে আলোচনা হলেও শুধু পাবনা-৪ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। সংসদীয় মনোনয়ন বোর্ডের পরবর্তী বৈঠকে বাকি চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে। আগ্রহী প্রার্থীরা ২ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩ সেপ্টেম্বর বাছাইয়ের পর ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোট হবে ২৬ সেপ্টেম্বর। পাবনার এ আসনের উপনির্বাচন হবে ব্যালট পেপারে। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

