উপনির্বাচনে যাচ্ছে বিএনপি, পাবনা-৪ আসনে মনোনয়ন চান ২ জন
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ২১:১০
আসন্ন ৫টি শূন্য আসনে উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে পাবনা-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে বিএনপির অফিস থেকে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও পাবনার শ্রমিক দল নেতা মো. আহসান হাবিব।
উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে ফরম বিক্রি শুরু করে দলটি। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। দলীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালে হাবিবুর রহমান হাবিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে ফরম সংগ্রহ করেন।
রিজভী জানান, রবিবার বিকালেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাবনা-৪ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার হয়। সাংবাদিকদের কাছে রিজভী বলেন, ‘আপনারা জানেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি। আমরা জানি এই নির্বাচনের পরিণতি কী হয়। তা জেনেও গণতন্ত্র প্রসারণের জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।’ তবে কাকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে, তা জানা যায়নি।
হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পাবনা-৪ উপনির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।’
আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২ এপ্রিল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

