‘গণপরিবহন নিয়ম না মানলে ব্যবস্থা’

‘গণপরিবহন নিয়ম না মানলে ব্যবস্থা’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:৩৩

গণপরিবহনে করোনা শুরুর আগের ভাড়া চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘অনেক পরিবহন নিয়ম মেনে গাড়ি চালায়। করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে। কিন্তু কিছু কিছু পরিবহন যারা সরকারি নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন।

আগের ভাড়ায় ফেরার প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘আজ থেকে গণপরিবহন করোনা কালের জন্য সমন্বয় করা ভাড়ার পরিবর্তে আগের ভাড়ায় ফিরেছে। জনস্বার্থে এবং যাত্রীদের স্বার্থে আমি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহনের সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।’ তিনি বলেন, ‘যত আসন তত যাত্রী। অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সাবানের পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া ট্রিপের শুরু এবং শেষে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিটি বাসে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান কার্যকর করতে আমি বিআরটিএ ও মালিক সমিতিকে অনুরোধ করছি।’

পরিবহন সংশ্লিষ্ট সবাইকে জনস্বার্থে এ নিয়ম মানার অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সারাদেশে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আমি জনস্বার্থে এ নিয়ম বা শর্ত মেনে বাস, মিনিবাস চালানোর অনুরোধ করছি। আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে সক্রিয় থাকার অনুরোধ জানাচ্ছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading