নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ, আহত ২
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১২:১০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার একটি বাসায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় মফিজ হোসেন মজুর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এতে শাকিল (৪২) ও রানু বেগম (২৭) নামে দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত শাকিলকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উঠেছে। জানা গেছে, স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার ফলে দুপুর ১টায় এ ঘটনাটি ঘটলেও পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা অনেক দেরিতে (রাতে) ঘটনাটি জানতে পারেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ ও নাহার নামে দুই জনকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী গণমাধ্যমকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি। তথ্য সহায়তায় – বাংলা ট্রিবিউন।

