ইউএনও’র ওপর হামলাকারীদের যুবলীগ থেকে বহিষ্কার

ইউএনও’র ওপর হামলাকারীদের যুবলীগ থেকে বহিষ্কার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:৫৮

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবারে ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতার উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলামকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও আসাদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।’

জাহাঙ্গীর হোসেন ২০১৭ সাল থেকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আসাদুল ঘোড়াঘাট যুবলীগের সদস্য। জাহাঙ্গীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য স্থানীয় সংসদ সদস্যও ক্ষুব্ধ। এর আগে গত ৭ জুন তাকে বহিষ্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের ডিওসহ জেলা যুবলীগের কাছে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বলেন, ‘জাহাঙ্গীর যুবলীগের আহ্বায়ক হলেও সেই কমিটি হয়েছিল তিন বছর আগে। সাধারণ নিয়মে তিন মাসের বেশি সময় হলে সেই কমিটির কার্যকারিতা থাকে না। তবে আজ মোবাইল ফোনে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ইউএনও’র ওপর হামলাকারী দু’জনকে কেন্দ্র থেকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন। তবে কোনও চিঠি পাইনি আমরা।’

গত বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় যুবলীগের বহিষ্কৃত এই নেতারা। ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হাতুড়ি দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকেও (৭০) জখম করে তারা। এই ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে আসাদুল হক ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হিলি ও ঘোড়াঘাট থেকে গ্রেফতারের পর তাদের দু’জনকেই রংপুর র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading