দেশে করোনা শনাক্তের হার ১৫ শতাংশের নিচে, মৃত্যুও কমেছে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:৫০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯২৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। একই সময়ে করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৪১২ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগে এই শনাক্তের হার ২০ শতাংশেরও বেশি ছিল। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ১১১টি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৭ জন।

