নাশকতা নাকি দুর্ঘটনা তদন্তে জানা যাবে: সেতুমন্ত্রী

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্তে জানা যাবে: সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৮:০৫

নারায়ণগঞ্জের মসজিদে ‘এসি বিস্ফোরণের’ ঘটনায় গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‌’পাথমিকভাবে সংশ্লিষ্টরা এটাকে মসজিদে সরবরাহকৃত গ্যাস লাইন লিকেজ এবং মসজিদের এসির গ্যাস বিস্ফোরণ বলে মনে করছেন। দগ্ধদের যথাযথো চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা- তা তদন্তের মাধ্যমে জানা যাবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের ঢাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। ‘জীবিকার জন্য নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন।’ এ বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করার আহ্বান জানান প্রধান অতিথি ওবায়দুল কাদের। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এতে করোনার সংক্রমণ বেড়ে গেছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নিবিরভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ তিনি বলেন, ‘আগে জীবন, তারপর ভবিষ্যত নির্মাণ। বেঁচে থাকলে সব হবে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহবান জানাচ্ছি।’

আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।

এছাড়াও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুব হোসেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading