ইউএনও ওয়াহিদাকে এখনই বিদেশে পাঠানোর প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:০০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উন্নত চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমকে বিদেশে প্রেরণের প্রয়োজন হলে সে সিদ্ধান্ত পরে নেয়া হবে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের সাখে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রোগী ভালো ব্যবস্থাপনায় আছে এবং সবকিছু ভালোভাবে চলছে। রোগীর চিকিৎসায় যা যা দরকার সব দেয়া হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন রোগী যে পর্যায়ে আছে তাতে বিদেশে প্রেরণের কোনো প্রয়োজনীয়তা নেই। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ইউএনও ওয়াহিদা আমার সাথে কথা বলেছেন। আমার মনে হয়েছে উনি এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন। আটজন চিকিৎসক সফলতার সাথে তার অপারেশন করেছে। ইউএনও ওয়াহিদার ডান দিকের অংশটা এখনো অবশ আছে। তবে চিকিৎসকরা বলেছেন ফিজিক্যাল থেরাপি এবং সময়ের সাথে সাথে এটা ভালো হয়ে যাবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। -ইউএনবি

