মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মী বরখাস্ত
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৮:৪০
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ফতুল্লা অফিসের ৪ কর্মকর্তা এবং ৪ কর্মচারীসহ মোট ৮জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. মামুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে তিতাস কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মো. মামুন জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা ঘটার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহম্মদ সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া। আর ৪ কর্মচারীরা হলেন- সিনিয়র সুপার ভাইজার মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া এবং প্রকর্মী ইসমাইল প্রধান।
বরখাস্তের আদেশে বলা হয়, ‘নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার খানপুর, তল্লা এলাকায় বায়তুল সালাহ জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৮টায় বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ২৭ জন মুসল্লি মারা গেছেন এবং আরও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মসজিদের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারণে তিতাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মসজিদের বিস্ফোরণজনিত ঘটনা ফতুল্লা জোনের আওতাধীন এলাকায় হয়েছে। এই দুর্ঘটনা ফতুল্লা জোনের কর্মকর্তা ও কামচারীদের দায়িত্ব পালনে অবহেলার কারণে হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ প্রদান ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

