করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিকের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৭:৫০
করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন তারিক আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে সোমবার।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জিয়াউদ্দিন তারিক আলীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বিকাল ৪টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে রাখা হয়। তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। কিন্তু করোনা রোগীর দেহদান করা যাবে কি-না এ ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

