বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

বিডিনিউজ সম্পাদকের জামিন স্থগিত চায় দুদক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৫:৪০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে। বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার কোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কথা জানান।

এর আগে গত ২৬ আগস্ট হাইকোর্ট দুর্নীতি মামলায় খালিদীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন, যা প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading