করোনায় মারা গেছেন পুলিশের ৭৪ জন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ২১:১০
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশের ৭৪ জন সদস্য মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলীম মোল্লা। তিনি নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন এএসআই আব্দুল আলীম। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণ তাউসারায়। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

