মসজিদে বিস্ফোরণে নিহত, ‘পরিবার প্রতি ৫০ লাখ টাকা’ ক্ষতিপূরণের দাবি

মসজিদে বিস্ফোরণে নিহত, ‘পরিবার প্রতি ৫০ লাখ টাকা’ ক্ষতিপূরণের দাবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ২১:০০

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। এসময় নিহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের অন্য সদস্যদের কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তারা।

গত শুক্রবার রাতের ওই ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম তল্লা জামে মসজিদ সংলগ্ন একটি মাঠে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারীর দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের জীবিত সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি বা কাজের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নিহত ২৭ জনের পরিবারের সদস্যরা।

এদিকে, মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণেই হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন জড়িতদের পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা যেকোনও সময় তাদের আইনের আওতায় আনতে পারবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জে পুলিশ সুপার মো. জায়েদুল আলম। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির সদস্যরা একটি প্রাথমিক ধারণা পুলিশ প্রশাসনকে অবহিত করেছে। সেই আলোকে যাদের দোষী হিসেবে ধারণা করা হচ্ছে- তাদের ওপর নজদারি করা হচ্ছে। যাতে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন।

তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। মামলায় গ্যাস, বিদ্যুৎ, মসজিদ নির্মাণে ক্রটি ও বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণে মসজিদ কমিটির অবহেলা ও মসজিদের নিচ দিয়ে বৈধ-অবৈধ গ্যাস সংযোগ লাইন দেওয়াসহ ৭টি কারণ চিহ্নিত করে মামলায় অভিযোগ আনা হয়েছে।

অপরদিকে দ্বিতীয় দিনের মতো মাটিখুঁড়ে মসজিদের নিচে গ্যাস লাইনের সংযোগ আছে কিনা খতিয়ে দেখে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। সোমবার মসজিদের উত্তর দিকের সড়কে মাটির নিচে একটি আবাসিক সংযোগের পাইপে দুইটি ছিদ্র পাওয়া গেছে বলে জানান তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক আব্দুল ওহাব তালুকদার। দ্বিতীয় দিনের মতো তিতাস গ্যাস গঠিত তদন্ত কমিটি কাজ করেছে। তবে মসজিদের নিচে এখনও কোনও পাইপ আছে কিনা তা জানা যায়নি।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে তল্লা বায়তুস সালাত জামে মসজিদে রাতে এশার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। তখন ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্যান্য নামাজ আদায় করছিলেন। এসময় বিস্ফোরণে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ২৭ জন মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading