গণতান্ত্রের জন্য শক্তিশালী বিরোধীদল গুরুত্বপূর্ণ: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৭:২৫
দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেড়িয়ে আসার আহ্বান জানাচ্ছি। নির্বাচনী রাজনীতিতে তাদের এ অংশগ্রহণ ভবিষ্যতে অব্যহত থাকবে বলে আমি আশা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক উপ-নির্বাচন এবং সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটা রাজনীতির জন্য শুভ সংবাদ।’
টানেলের প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি আপনাদের আনন্দের সাথে জানাতে চাই- এরইমধ্যে নদীর তলদেশ দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দু’টি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন কাজ শেষ হয়েছে। আরেকটি টিউবের খনন কাজ আমরা আশা করছি নভেম্বর মাসে। এ পর্যন্ত টানেলের সার্বিক কাজের অগ্রগতি ৫৮ ভাগ। করোনা মহামারীর শুরু থেকে অর্থাৎ মার্চ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মধ্যবর্তী সময়ে অগ্রগতি হয় শতকরা ৫ ভাগ।
কর্ণফুলী টানেলের কাজ শেষ হলে চিরচেনা চট্টগ্রামের দৃশ্য বদলে যাবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই টানেল নির্মাণ শেষে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ‘ওয়ান সিটি টু টাউন’। তিনি বলেন, টানেলের কাজ শেষ হলে নদী, পাহাড় আর সাগর মোহনায় চট্টগ্রাম পাবে নবরূপ। নদীর ওপারে গড়ে উঠবে আরেক চট্টগ্রাম। ব্যবসা-বাণিজ্যসহ আবাসন ব্যবস্থা সম্প্রসারিত হবে।
এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌস প্রমুখ।

