ফেসবুকে আপত্তিকর ছবি: তালায় স্কুলছাত্রীর আত্মহত্যা!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:৪৫
সাতক্ষীরার তালায় ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি শেয়ারের ঘটনা ও এক যুবকের বখাটেপনা সহ্য করতে না পেরে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বিউটি মন্ডল উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে। তিনি এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অভিযুক্ত যুবক মৃতুঞ্জয় রায় স্থানীয় শহীদ জিয়া কলেজের ছাত্র।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহননের পথ বেছে নেন।’
ওসি মেহেদী জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ করেন। সেখানে তিনি ‘নীল নদী বিউটি’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিউটির কিছু আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন বলে মৃতুঞ্জয় রায় নামের স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির মোবাইলের কললিষ্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিউটি মন্ডলের বাবা বলেন, দুদিন আগেও তিনি থানায় গিয়েছিলেন। বখাটে মৃত্যুঞ্জয় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। আগে থেকে যদি এ বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়েকে প্রাণ দিতে হতো না।

