‘এক্সিলারেট বাংলাদেশ’ স্টার্টআপ মডেলকে সুসংহত করবে: স্পিকার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১২:৫৫
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন ‘এক্সিলারেট বাংলাদেশ’ স্টার্টআপ মডেলকে সুসংহত ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির প্রভাবে বিশ্বব্যাপী কর্মসংস্থান হ্রাস ও দারিদ্র্য বৃদ্ধির কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্ভাবনী উপায় ও মডিউল নিয়ে ভাবতে হবে।’
বেটার স্টোরিজ লিমিটেড ও বাংলাদেশ অ্যাঞ্জেলসের আয়োজনে এবং ব্রিজ ফর বিলিয়নস ও বিনিয়োগ বৃদ্ধির সহযোগিতায় ‘এক্সিলারেট বাংলাদেশ’ নামক ১২ সপ্তাহের অধিক সময়ব্যাপী একটি ইনভেস্টমেন্ট রেডিনেস প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে বুধবার (০৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এক্সিলারেট বাংলাদেশ’ প্রোগ্রামটির মাধ্যমে স্টার্টআপদের ইম্প্যাক্ট ও কমার্সিয়াল ইনিভেস্টমেন্ট রেডিনেস মডিউলের মাধ্যমে বিনিয়োগ পেতে প্রস্তুত করার যে উদ্যোগ তা সত্যিই প্রশংসনীয়।
স্পিকার বলেন, ‘আমাদের দেশে অনেক মেধাবী ও দক্ষ নারী বিভিন্ন সেক্টরে কাজ করছেন। চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় রেখে বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনায় তাদের সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে মন্দা প্রভাব কাটিয়ে সচল ও শক্তিশালী অর্থনীতি পুনর্গঠন সম্ভব।’
শিরীন শারমিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক ক্ষতি কাটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। নিম্ন আয়ের মানুষ, কৃষক, গার্মেন্টস শ্রমিকসহ সকলের জন্য নগদ সহায়তা প্রদানসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।’ -ইউএনবি

