‘হাওর ভিত্তিক পর্যটন’ উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:১০
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশে ‘হাওর ভিত্তিক পর্যটন’ উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শেষে এ বিষয়ে বিস্তারিত কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক সুনামগঞ্জ জেলার সাথে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইদানিং আমাদের দেশে হাওর ভিত্তিক পর্যটন জনপ্রিয় হতে শুরু করেছে। হাওরে ভ্রমণ করতে যাওয়া পর্যটকেরা যাতে নিরাপদে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারেন সেদিকে স্থানীয় প্রশাসনের খেয়াল রাখতে হবে। একই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভ্রমণের সময় কেউ যাতে হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ নষ্ট না করতে পারে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
প্রকৃতিকে অক্ষুন্ন রেখে পর্যটনের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য স্থানীয় জনগণকে এ শিল্পের সাথে সম্পৃক্ত করা ও তাদের মাঝে সচেতনতা তৈরি করার বিকল্প নেই উল্লেখ করে মো. মাহবুব আলী বলেন, জনসচেতনতা তৈরি করার জন্য জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

