দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৪০
দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ১০০ জন কম শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ১৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৪ শতাংশ।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৪১ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মোট মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৬৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। গত ৩ দিন ধরে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

