সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ, গ্রেপ্তার ৪

সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ, গ্রেপ্তার ৪

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১০:৩০

সিলেটের জৈন্তাপুর থেকে লিডিং ইউনিভার্সিটির ছাত্র শাহরিয়া আসিফকে (২০) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের গুপেস সরকারের ছেলে সালসান (২০), বড়লেখা উপজেলার সোজাউল গ্রামের মৃত আজির উদ্দিনের দুই ছেলে মো. শামীম মিয়া (৪০), মো. জাকির হোসেন (২৯) এবং একই উপজেলার চান্দেরগুল গ্রামের রহমত উল্যার ছেলে মো. আব্দুল করিম (২৮)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা প্রায় ৮ ঘণ্টার প্রচেষ্টা চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার বোবারতল পাহাড়ি এলাকা থেকে অপহরণের সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করাসহ আসিফকে অক্ষত অবস্থায় শনিবার সকালে উদ্ধার করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিডিং ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ওই ছাত্র গত ৯ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানে বেড়াতে গেলে অপরাধী চক্র তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তার পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ব্যাপারে ভুক্তভোগী পিতা সরোয়ার হোসেন ছেদু জৈন্তাপুর থানায় অভিযোগ দাখিল করেন।

পরে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা এ ঘটনার ছায়া তদন্ত করে প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় বড়লেখার পাহাড়ি এলাকা থেকে চার অপহরণকারীসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। ভিকটিমকে পিতার জিম্মায় এবং অপহরণকারীদের জৈন্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading