করোনায় আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭৬
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:৫৮
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, রবিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৭৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৭৩৩ জন দাঁড়াল।
আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১২ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।

