করোনায় মৃত্যু, চীনকে ছাড়ালো বাংলাদেশ

করোনায় মৃত্যু, চীনকে ছাড়ালো বাংলাদেশ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৫:৫০

একদিনে আরও ২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ৪ হাজার ৭৫৯ জনে দাঁড়িয়েছে।

গতবছর ডিসেম্বরে যেখান থেকে এ ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই চীনে এ পর্যন্ত ৪ হাজার ৭৩৫ জনের মৃত্যু হয়েছে। চীনে প্রাদুর্ভাবের তিন মাস পর বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর আসে। এর আগে গত ১৩ জুন শনাক্ত রোগীর সংখ্যাতে চীনকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। ২৬ অগাস্ট দেশে শনাক্ত রোগী ৩ লাখ পেরিয়ে যায়।

সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮১২ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত একদিনে ৯৪টি ল্যাবে ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading