অক্টোবরেই খুলতে পারে সব শিক্ষাপ্রতিষ্ঠান
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৮:২০
করোনাভাইরাস মহামারীর এই পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘চিন্তাভাবনা করছে’ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রমতে, আগামী অক্টোবর থেকেই খুলে দেয়া হতে পারে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ সব ধারনের শিক্ষাপ্রতিষ্ঠান। এমন ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে আলাপকালে। সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কথায়ও দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানা গেছে। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে এ বিষয়ে কথা বলেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘(মন্ত্রিপরিষদ বিভাগের) লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর (বিষয়টি) ছেড়ে দিয়েছি। কারণ, এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মতো অবস্থা নেই।
প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত ১০-১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব ওপেন করে দিচ্ছে, যদিও (সংক্রমণ) ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?’ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর (শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি) দিয়ে দিয়েছি। তারা চিন্তাভাবনা করছে কী করা যায়। (মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে) কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।’
করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। এদিকে একাদশ শেণিতে ভর্তি প্রক্রিয়া এই করোনাকালের মধ্যেই সম্পন্ন হতে চলেছে। শিক্ষা অধিদপ্তরের গত ১৩ সেপ্টেম্বরের এক নির্দেশনায় বলা হয়েছে, অক্টোবরে একাদশের ক্লাস শুরু হবে। তাছাড়া, পরীক্ষার আগে দু’মাস সময় না পেলে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাচ্ছেন, অক্টোবরেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে। তবে এ ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি পালনের বাধ্যবাধকতা কঠোরভাবে নামার নির্দেশনা থাকবে। যদিও এর আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, কোভিড-১৯ এর কারণে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা নেয়া হবে না। এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে আছে।

