দুর্গাপূজা উপলক্ষে ‘শুভেচ্ছাস্বরূপ’ দেড় হাজার টন ইলিশ ইন্ডিয়ায়
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৯:৫৭
দুর্গাপূজা উপলক্ষে ভারতের সনাতন ধর্মাবলম্বীদের জন্য ‘বিশেষ শুভেচ্ছাস্বরূপ’ এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইন্ডিয়ার পেট্রাপোল বন্দরে সোমবার (১৪ সেপ্টেম্বর) এই ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে। এদিন সন্ধ্যা ৬টার সময় প্রথম চালানের ২টি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ মাছ ইন্ডিয়য় নিয়ে যাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের জন্য এই ইলিশের শুভেচ্ছা। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে ইলিশ মাছ দিয়েছে। গত বছরও দুর্গাপূজার সময় দেওয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ।
বন্দর সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে ইলিশের চালান বেনাপোল বন্দর এলাকায় এসে পৌঁছায়। এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টার সময় ৬ মেট্রিক টন করে দুটি ট্রাকে মোট ১২ মেট্রিক টন ইলিশ মাছ ইন্ডিয়ায় প্রবেশ করে। ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান হলো- খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড। আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ডিয়ারর জেকে এন্টারপ্রাইজ। এর সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের নীলা এন্টারপ্রাইজ। প্রতিকেজি ইলিশ মাছ মার্কিন ১০ ডলারে রফতানি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫০ টাকা।
বেনাপোল মৎস্য অফিসের কর্মকর্তা আবুল হাসান জানান, ১ হাজার ৪৫০ মেট্রিক টনের মধ্যে সোমবার ইলিশের প্রথম চালান ১২ মেট্রিক টন ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ মাছ রফতানি হবে ভারতে।
এদিকে ভারতে বাংলাদেশের ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও অবৈধপথে ইলিশ যাওয়া বন্ধ হয়নি বলে বিভিন্ন সূত্রে তথ্য মিলেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক সীমান্ত এলাকা দিয়ে বিশেষ করে সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা, বেনাপোল বন্দর এলাকা তথা শার্শা উপজেলার পুটখালী, ঘিবা, কাশিপুর এবং যশোরের চৌগাছা এলাকা, ঝিনাইদহ জেলার মহেশপুরের পুড়োপাড়া, শ্যামপুর দিয়েও চোরাই পথে বাংলাদেশের ইলিশ পাচার হচ্ছে পশ্চিমবঙ্গের বাজারে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে মাঝে মাঝে মাছের চালান আটকও হচ্ছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

