নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১২:৩০
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে বলে বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর নমুনা পরীক্ষার রিপোর্টের ফল পজেটিভ আসে।
মো. জাহাঙ্গীর আলম খান জানান, করোনাক্রান্ত নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। তবে তার কোনও শারীরিক জটিলতা নেই।
খালিদ মাহমুদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। একাদশ সংসদ নির্বাচনের পর তিনি নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এছাড়া তিনি তিন দফায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

